চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পর কারা ফটক থেকে আবারো গ্রেফতার হয়েছে হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহার। মঙ্গলবার দুপুরে কোতোয়োলি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের একটি মামলায় মুফতি হারুনকে গ্রেফতার করা হয়েছে।
গতবছর ২০ জানুয়ারি জামিনে ছাড়া পাওয়ার পরও কারাফটক থেকে অন্য মামলায় তাকে গ্রেফতার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।
হারুণ বিন ইজাহার হেফাজত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আর তার বাবা মুফতি ইজাহারুল ইসলাম ওই সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর।
চট্টগ্রাম নগরীর লালখানবাজারে জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার ছাত্রবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন।
পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
ঐ ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। সবগুলো মামলাতেই বাবা ও ছেলেকে আসামি করা হয়।
বিস্ফোরণের দুই দিন পর হাটহাজারি থেকে হারুণকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মতিঝিলে ও লালবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়।
