বাগেরহাটে যুবদল নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:০৩
বাগেরহাটের মংলায় চাঞ্চল্যকর যুবদল নেতা আব্দুল হালিম তালুকদার হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রমহান খান এই রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত মো. নূরুজ্জামানা বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের আব্দুল জলিল মাস্টারের ছেলে। মামলা চলাকালে জামিনে মুক্তির পর থেকে তিনি পলাতক রয়েছেন। আদালত একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৫ ডিসেম্বর রাতে মংলা শহরের রিমঝিম সিনেমা হলের পেছনে মংলা পৌরসভার কবরস্থান রোডের প্রয়াত নূর মোহাম্মদ তালুকদারের ছেলে যুবদল নেতা আব্দুল হালিম তালুকদারসহ কয়েকজন ব্যাটমিন্টন খেলছিলেন। এ সময় দুটি রিকশা যোগে চারজন খেলার মাঠে এসে যৌথ বাহিনী পরিচয়ে হালিমকে ডাক দেয়। হালিম খেলা বন্ধ করে তাদের দিকে এগিয়ে গেলে আসামি নূরুজ্জামান তার কাছে থাকা অস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করে।
 
পরে স্থানীয়রা নূরুজ্জামানকে ধাওয়া করে অস্ত্র ও গুলিসহ ধরে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। ঘটনার পর দিন ১৬ ডিসেম্বর নিহতের ভাই মোজাম্মেল হোসেন তালুকদার বাদী হয়ে নূরুজ্জামানসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে মংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।