দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে মঙ্গলবার পানিতে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বিকেল ৪টার দিকে নদী থেকে তিন ছাত্রের লাশ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত তিন স্কুলছাত্র হলো- দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী এলাকার ইকবাল হোসেনের ছেলে ও চেহেলগাজী স্কুলের এসএসসি পরীক্ষার্থী কালু মিয়া (১৫), নান্নু মিয়ার ছেলে ও একাডেমি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রাজু (১৩) ও আচ্চু মিয়ার ছেলে ও পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির ছাত্র নয়ন (১৪)।
প্রত্যক্ষদর্শী সালেহা বেগম বলেন, শহরের পশ্চিম উপকন্ঠ বাঙ্গিবেচা বালুর ঘাট এলাকার পুনর্ভবা নদীতে বেলা একটায় ওই তিন ছাত্র গোসল করতে নদীতে নামে। নদীর পানিতে গভীরতা বেশি থাকায় তিনিসহ সেখানে উপস্থিত অন্যরা ওই ছাত্রদেরকে নদীতে নামতে নিষেধ করেন। কিন্তু তারা তাদের কথায় কর্ণপাত না করে নদীতে নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানির নিচে তলিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুঁটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে উদ্ধার কাজে যোগ দেয় দিনাজপুর ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৪টার দিকে ওই তিন ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
