হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরিতে লাগবে সরকারি অনুমোদন!

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১০:০৫
ক’দিন আগে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এই ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ প্রায় শতভাগ নিরাপদ। এই উদ্যোগে নিজেদের নিরাপত্তা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তবে এই নিরাপত্তাবোধের স্বস্তি নিতে পারছেন না কাশ্মীরিরা। কারণ হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের পায়ে বেড়ি পরাতে উদ্যোগী হয়েছে মেহবুবা মুফতির সরকার।
 
জম্মু-কাশ্মীরে এখন থেকে হোয়্যাটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে হলেও লাগবে লাইসেন্স! মৌখিক অনুমতি নয়, এবার থেকে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ বানাতে গেলে দরকার হবে নিবন্ধন সার্টিফিকেট।  জম্মু-কাশ্মীরের পক্ষ সোমবার এই কথা জানানো হয়েছে।
 
কাশ্মীরের ডিভিশনাল কমিশনার আসগর হাসান সামুন জানিয়েছেন, এখন থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন সংবাদ পোস্ট করতে হলে চাই নিবন্ধন সার্টিফিকেট। সরকারি দফতর থেকে এর জন্য অনুমতিও নিতে হবে।
 
তিনি আরও জানান, কোনো ব্যক্তি বা সংস্থা সরকারি এই নিয়ম না মেনে চললে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র- বিজিআর ডটইন ও ইন্ডিয়া টুডে।