পানি আনতে গিয়ে ভারতে শিশুর মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৫:৫৯
ভারতের খরাপীড়িত রাজ্য মহারাষ্ট্রে পানি আনতে গিয়ে পাম্পের কাছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ১২ বছর বয়সী এক শিশু। রবিবার মহারাষ্ট্রের মারাঠাদা এলাকার বিডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
 
৪২ ডিগ্রি তাপমাত্রায় তীব্র রোদের মধ্যে খরপীড়িত বিডের ১২ বছর বয়সী শিশু যোগিতা দেশাই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের পানির পাম্পে গিয়েছিল পানি আনতে। এরমধ্যে চারবার পানি নিয়ে বাড়ি ফিরেছে কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগে অসুস্থ যোগিতা।
 
কিন্তু পঞ্চমবার রওয়ানা হয়ে সে আর পারলো না। পানির পাম্পের কাছাকাছি গিয়েই মৃত্যু কোলে ঢলে পড়ে সে। চিকিৎসকেরা এসে জানায়, পানিশূন্যতায় ভুগতে থাকা যোগিতার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। তাতেই তার মৃত্যু হয়। মারাঠাদা এলাকার প্রবল খরাপীড়িত সাতটি জেলার মধ্যে বিড অন্যতম। পর পর তিন বছর ধরে এলাকাটি তীব্র খরার মোকাবিলা করছে।
 
যোগিতার কাকা ঈশ্বর দেশাই বলেন, পানির তীব্র অভাব চলছে। ও পানি আনতে গিয়েছিল। সেখানে মাথা ঘুরে পড়ে ও মারা যায়। গত তিন সপ্তাহজুড়ে ভারতে বয়ে যাওয়া তীব্র দাবদাহে অন্ততপক্ষে ১১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪৫ জন উড়িষ্যায় ও ৩৫ জন তেলেঙ্গানায় মারা যান। এনডিটিভি।