বিশ্বব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে মার্কিন কম্পিউটার চিপ জায়ান্ট ইন্টেল করপোরেশন। সারা পৃথিবীতেই পার্সোনাল কম্পিউটার বিক্রি কমে যাওয়ার প্রেক্ষিতে কোম্পানিটি এই ব্যবস্থা নেয়ার কথা জানালো।
আগামী ১২ মাসে কর্মীদের ছাঁটাই করবে ইন্টেল যা তাদের মোট জনবলের ১১ শতাংশ। সেই সঙ্গে পার্সোনাল কম্পিউটারের জগত থেকে বের হয়ে ক্লাউড কম্পিউটিং ও ডাটা সেন্টার নির্মাণে অধিক মনোযোগ দেয়ার কথা বিবৃতিতে জানিয়েছে কোম্পানিটি।
প্রথম চতুর্থাংশে বিশ্বব্যাপী ডেস্কটপ ও ল্যাপটপ বিক্রি সাড়ে ১১ শতাংশ কমে যাওয়া ও মোবাইল ডিভাইসের জয় জয়কারের ফলে ইতিমধ্যে ইন্টেলের শেয়ার দর ৮.৪ শতাংশ পড়ে গেছে। কোম্পানিটি স্মার্টফোনের চিপ তৈরি শুরু করলেও কোয়ালকম ও স্যামসাং এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। সূত্র: বিবিসি
