ভারতে খরার কবলে ৩৩ কোটি মানুষ

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৭:৪১
 
ভারতের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ বা প্রায় ৩৩ কোটি মানুষ এই মুহূর্তে ভয়ঙ্কর খরাকবলিত বলে কেন্দ্রীয় সরকার সে দেশের সুপ্রিম কোর্টকে জানিয়েছে। খরা পরিস্থিতি সামলানো নিয়ে সরকারকে শীর্ষ আদালতের তীব্র ভর্ত্সনার মুখেও পড়তে হয়েছে।
 
তারা বলেছে, খরা নিয়ে রাজ্যগুলোকে আগেভাগে সতর্ক করার দায় পুরোপুরি কেন্দ্রের, যে কাজে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
 
পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রের লাটুর এলাকায়। দেশের অন্য প্রান্ত থেকে রেলওয়ে ট্যাঙ্কারে করে জল এনে ওই অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ২৫ লাখ লিটার পানীয় জল নিয়ে উত্তর ভারত থেকে এমনই একটি ‘ওয়াটার ট্রেন’ সদ্যই লাটুরে গিয়ে পৌঁছেছে।
 

পর পর দুবছর ধরে দেশে স্বাভাবিকের চেয়ে কম মৌসুমি বৃষ্টিপাত এবং তেলেঙ্গানা বা ওড়িশার মতো রাজ্যে প্রবল তাপপ্রবাহ পরিস্থিতিকে আরো দুর্বিষহ করে তুলেছে।