জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা ভাবছে ফ্রান্স

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৯:১৮
ইউরো ফুটবল টুর্নামেন্ট পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর চিন্তা-ভাবনা করছে ফ্রান্স সরকার। গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটি জরুরি অবস্থা জারি করে।
 
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৬ মে পর্যন্ত জরুরি অবস্থা থাকবে ফ্রান্সে। এই অবস্থার মধ্যে পুলিশ যেকোনো ধরনের অনুসন্ধান, অভিযান পরিচালনা ও গ্রেফতার করতে পারবে।
 
দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বুধবার এক রেডিও সাক্ষাত্কারে বলেন, ইউরো টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত জরুরি অবস্থা বহাল থাকবে এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিৎ করা হবে। যদিও দুই মাসের জরুরি অবস্থার এই সময়সীমা বৃদ্ধির জন্য পার্লামেন্টে অনুমোদনের প্রয়োজন হবে। সর্বশেষ এই জরুরি অবস্থার মেয়াদ গত ফেব্রুয়ারিতে এক দফা বাড়ানো হয়।
 
উল্লেখ্য, আগামী ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্যারিসে এই ইউরো ফুটবল টুর্নামেন্ট-২০১৬ অনুষ্ঠিত হবে। এতে ইউরোপের প্রায় ২৪টি দেশ অংশ নিবে।
 
ফ্রান্সের দ্য স্টেড স্টেডিয়ামে এর উদ্বোধন ও সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
গত ১৩ নভেম্বর প্যারিসে সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে। সূত্র: বিবিসি