গাবতলীতে পরিবহনের সুপার ভাইজারের লাশ উদ্ধার

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ০৮:৫৫
 
রাজধানীর গাবতলীর বাস টার্মিনালে সৌদিয়া পরিবহন থেকে আনোয়ার হোসেন (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই পরিবহনের সুপার ভাইজার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
 
বুধবার দিবাগত রাত ৯টার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আনোয়ার খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নুরুল ইসলামের ছেলে।
 
দারুস সালাম থানার এসআই মহেষ চন্দ্র সিংহ জানান, বুধবার বিকালে গাবতলী থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় সুপার ভাইজার আনোয়ার হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন চালকসহ অন্যরা। খবর পেয়ে আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
 
তবে তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মহেষ চন্দ্র সিংহ।