ঢাকায় দুই দিনব্যাপী নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:৪৩
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
শুক্রবার থেকে বাংলাদেশ পর্যায়ে দ্বিতীয়বারের মতো ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এ দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে। বিশ্বের ২২০টিরও বেশি নগরীতে এদিন এ প্রতিযোগিতা হবে।
সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্যায় থেকে নির্বাচিত ৫০টি দল চূড়ান্ত হ্যাকাথনে অংশ নিচ্ছে। বাংলাদেশ পর্যায়ের এই চূড়ান্ত হ্যাকাথন থেকে বিজয়ীরা নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
 
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)প্রতিযোগিতার আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক।
 
শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে একটানা শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কারের বিতরণের মাধ্যমে শেষ হবে এবারের বাংলাদেশ পর্যায়ের প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে আইইউবির উপাচার্য প্রফেসর এম ওমর রহমান উপস্থিত থাকবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন রিনি স্টোফান।