বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনে কঠোর হওয়ার বার্তা ইসিকে জানাল আওয়ামী লীগ

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৪:৩১
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনে কঠোর হতে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা’ নির্বাচন কমিশনকে পৌঁছে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
 
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই কথা জানান।
 
শেরেবাংলা নগরে ওইসি কার্যালয়ে ওই সাক্ষাতের পর হানিফ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে- নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি উনি দেখতে চান না। সে নির্দেশনা নির্বাচন কমিশনকে পৌঁছে দিয়েছি।
 
হানিফ বলেন, অনিয়ম হলেই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক করে দেয়া হবে।
 
তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ের  নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়ে রাখব। কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
হানিফ অভিযোগ করেন, বিএনপি ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দিতে না পেরে; বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
 
তিনি বলেন, বিএনপি তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়েছে। তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্যে ইসিকে পরামর্শ দিয়েছি। বিডিনিউজ।