'বাংলাদেশ এমডিজি অর্জনে সাফল্য দেখিয়েছে। এখন এই সফলতাকে ধরে রাখতে হলে এসডিজি বাস্তবায়ন করতে হবে।' বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সাইন্স কর্তৃক আয়োজিত 'সহস্রাব্দিক উন্নয়ন লক্ষ্যমাত্রা হতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশ প্রেক্ষাপট' শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম এবং বিশেষ অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ড. মাহফুজুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ।
সেমিনারে বক্তাগণ সমসাময়িক বৈশ্বিক উন্নয়নের লক্ষ্যসমূহ এবং এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও করণীয় সম্পর্কে জ্ঞান অর্জন বিষয়ে আলোচনা করেন। বক্তাগণ বলেন, এসডিজির জন্য কার্যকর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তাহলেই আমাদের এই অর্জন বা উন্নয়ন টেকসই হবে।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সাইন্স এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান-আল-মাহমুদ।
এ ছাড়া উক্ত সেমিনারে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও, রেজিস্ট্রার, চীফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল ডিন, অফিস ও বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
