দুর্নীতি দমন কমিশনে (দুদক) যেসব মামলার আসামিরা জামিনে বাইরে তারা ছাড় পাবেন না বলে জানিয়েছেন সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল। তিনি বলেন, তদন্ত কর্মকর্তারা তাদের ক্ষমতাবলে আসামিদের গ্রেফতার করছেন। কোনো আসামি ছাড় পাবে না বলে মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আবু মো. মোস্তফা কামাল।
তিনি বলেন, দুদকের কাছে ছোট-বড় বলতে কোনো আসামি নেই। আসামিদের আসামি হিসেবেই দেখা হয়। বৃহস্পতিবার সংস্থার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদকের সচিব এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আশ্বস্ত করতে পারি যে, কেউ ছাড় পাবেন না। সুষ্ঠু তদন্তের স্বার্থে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আইন অনুযায়ী সে পদক্ষেপ নেওয়া হবে। প্রভাবশালীদের গ্রেফতার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আবু মো. মোস্তফা কামাল বলেন, এই সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নেন। তিনি তাঁর তদন্তের স্বার্থে যেকোনো আসামিকেই গ্রেফতার করতে পারেন। এ ক্ষেত্রে প্রভাবশালীদের গ্রেফতারে কোনো বাধা নেই।
বাংলাদেশ ব্যাংকর রিজার্ভ চুরির বিষয়ে দুদকের সচিব বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও পুলিশের গোয়েন্দা শাখা অনুসন্ধান করছে। এখন পর্যন্ত দুদক এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে দুদক নজর রাখছে। প্রয়োজন হলে অনুসন্ধানের বিষয়টি আমলে নেওয়া হবে। পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশের যারা জড়িত, সে বিষয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে আমাদের অনুসন্ধান চলছে। এ পর্যায়ে মন্তব্য করাটা সমীচীন হবে না।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে দুদক সচিব বলেন, মার্চ মাসে ৮৪৯টি দুর্নীতিসংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এ সময়ে অনুসন্ধান শেষে ৩৪টি মামলা করা হয়েছে এবং অভিযোগপত্র দাখিল করা হয়েছে ৪৫টি মামলায়। এ ছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৯৪টি মামলা করা হয়। তিনি জানান, গত তিন মাসে ১৫১টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। মার্চ মাসে দুদকের ২১টি মামলার বিচারকাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলার আসামিদের সাজা হয়েছে এবং ১১টি মামলার আসামিরা খালাস পেয়েছেন।
