ভারতে গাড়ি নিয়ে লিফটে পড়ে নিহত ২!

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:৩২
ভারতের মুম্বাইয়ে গাড়ি চালানো শিখতে গিয়ে লিফটে পড়ে যায় এক কিশোর। ৫০ ফুট উঁচু থেকে পড়ে নিহত হয়েছে গাড়িতে থাকা দুজনই। বুধবার দুর্ঘটনা হওয়ার ৬ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা করা হয়।
 
হাফিজ পাটেল নামের ১৪ বছর বয়সী ঐ কিশোর তখন ড্রাইভারের পাশে বসেই গাড়ি চালানো শিখছিল। কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। মুম্বাই দক্ষিণাঞ্চলে নাগাপাড়ায় এক বিল্ডিংয়ের লিফট শ্যাফটে গিয়ে পড়ে যায় গাড়িটি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা হাফিজের মোবাইলের জিপিএসের মাধ্যমে তাদের সনাক্ত করার চেষ্টা করছিলাম। পরে লিফট শ্যাফটে আমরা গাড়িটি উদ্ধার করি। ২২ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে পড়ে গিয়েছিল গাড়িটি।
 
ছেলে নিখোঁজ হওয়ার পর পুলিশে খোঁজ নেয়ার চেষ্টা করে হাফিজের পরিবার। পরে ৬ ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় তাদের লাশ।