'আগামী প্রজন্মকে মানবিক গুণে করে গড়ে তুলতে হবে'

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২২:১৪
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'শারীরিক ও মানসিক বিকাশ না হলে মেধার বিকাশ সম্ভব নয়। আগামী প্রজন্মকে প্রকৃত মানবিক গুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই তাদেরকে ক্রীড়ানুরাগী ও সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।'
 
'আমরা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকতে চাই না।' উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, 'চারপাশের জগতের সঙ্গে একাত্মা হয়ে থাকতে চাই এবং নিজেদের একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এদিক থেকে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা খুবই গ্ররুত্বপূর্ণ। তাই সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডকে সিলেবাসে অন্তর্ভক্ত করেছে।'
 
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৪ ও ৪৫তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাহিদ প্রধান অতিথির বক্তৃতাকালে এই কথা বলেন।
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন নায়েম’র মহাপরিচালক অধ্যাপক হামিদুল হক ও স্বাগত বক্তৃতা করেন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি সাধারণ সম্পাদক ফারহানা হক।
 
প্রতিটি স্কুলকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'খেলার মাঠ না থাকলেও যার যেটুকু জায়গা রয়েছে, এরমধ্যেই খেলাধুলার আয়োজন করতে হবে। ভবিষ্যতে স্কুলগুলোর মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেয়া হবে। কোন স্কুল খেলাধুলা ও সাংস্কৃতিতে কতটুকু অগ্রগতি অর্জন করেছে এর উপর ভিত্তি করে মার্কিং করা হবে এবং ভবিষ্যতে এই মূল্যায়নের ভিত্তিতে একাডেমিক ভবনসহ উন্নয়ন সহায়তা দেয়া হবে।'