মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির পোস্টার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে ইউনিয়নের কেশবনগর ও মানিকদিয়া গ্রামে টানানো পোস্টারগুলো ছিড়ে ফেলা হয়।
চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি জানান, তার কর্মী-সমর্থকরা বুধবার বিকেলে কেশবনগর ও মানিকদিয়া গ্রামে নির্বাচনী পোস্টার টানায়। এদিন রাতের আঁধারে পোস্টারগুলো ছিড়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে রিটার্নিং অফিসার বরাবর ও গাংনী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রিটার্নিং অফিসার ড. আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
