বৈশ্বিক স্মার্টফোনের বাজার বেড়েই চলেছে। ক্রমবর্ধমান এ বাজারে আধিপত্য বিস্তারে আকর্ষণীয় নকশা এবং অত্যাধুনিক সব ফিচার সম্বলিত সাশ্রয়ী ডিভাইস আনছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে পিছিয়ে নেই ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও। ডিভাইসে নতুনত্ব আনার ফলে হুয়াওয়ে ও শাওমির পাশাপাশি স্মার্টফোনের বাজারে আধিপত্য বাড়ছে মাইক্রোম্যাক্সের মতো প্রতিষ্ঠানগুলোর।
বছরখানেক আগে ভারতে স্মার্টফোনের বাজারে নির্ভরযোগ্য একটি নাম হয়ে উঠেছিল মাইক্রোম্যাক্স। এখন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ অতিক্রম করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। বাজার দখল নেমেছে অর্ধেকে। শুরুর সময়ের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই এখন আর নেই মাইক্রোম্যাক্সের সঙ্গে। টালমাটাল অবস্থা কাটাতে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে অল্প দামের স্মার্টফোন উৎপাদন ও বাজারজাতকরণে। এরই অংশ হিসেবে ‘ক্যানভাস স্পার্ক টু প্লাস’ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
ভারতের বাজারের জন্য ‘ক্যানভাস স্পার্ক টু প্লাস’-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৭ টাকা।
এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি ৪৮০x৮৫৪ ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি, মাইক্রো এসডি এক্সপ্যান্ডেবল ৩২ জিবি, এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, ব্যাটারি ২০০০ এমএএইচ, ডুয়াল সিম সুবিধা এবং ওয়াই-ফাই, ব্লু-টুথ, জিপিএস ও এফএম কানেক্টিভিটি। সূত্র- এনডিটিভি।
