সিলেটের গোয়াইনঘাটে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৭ ঘণ্টা পর গোপেন লোহার (২৮) এর লাশ উদ্ধার করে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি কবির হোসেন।
শুক্রবার দুপুর আড়াইটায় সিলেট ফায়ার সার্ভিসের লিডার গোলাম আযম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন সিলেট সদর উপজেলার লাক্কাতোড়া চা বাগান এলাকার মধু নায়ক এর ছেলে নয়ন নায়ক (৩০)। তিনি বাদ্যযন্ত্র দলের বাদক। নিখোঁজ নায়ককে উদ্ধারের চেষ্টা চলছে।
নন্দির গাঁও ইউনিয়নের দাড়িরপারে একটি বিয়ের অনুষ্ঠানে ৭জন বাদ্যযন্ত্র শিল্পী (ব্যান্ডপার্টি) যাচ্ছিলেন। অনুষ্ঠানে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের নৌকা দাড়িকান্দির ভুগদার খালে ডুবে যায়। এ সময় ৫জন সাঁতার কেটে তীরে উঠলেও, নয়ন ও গোপেন লোহার নিখোঁজ হন।
