বিএনপি নালিশের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে চলেছে: ওবায়দুল কাদের

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৭:০১
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমতার রাজনীতির দাবা খেলায় হেরে গিয়ে বিএনপি এখন নালিশের ভাঙ্গা রেকর্ড অবিরাম বাজিয়ে চলছে। কোনো নির্বাচন এলেই বিএনপি শুধু অভিযোগ আর নালিশের ওপর নির্ভর হয়ে পড়ে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বিএনপিই গৌন ও অকার্যকর করে ফেলছে।’
 
শুক্রবার নোয়াখালীর জেলা শহর মাইজদীর অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও প্রাক্তণ ছাত্র পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের প্রথম অভিজ্ঞতা। প্রথম অবস্থায় কিছু ভুলত্রুটি ও টানাপোড়েন থাকবে। এত বড় নির্বাচন মোকাবেলার জন্য প্রশাসনিক, নির্বাচন কমিশন এবং দলীয়ভাবে কিছু সীমাবদ্ধতা থাকবে, থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে প্রথমবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবো।
 
তিনি বলেন, দলীয় প্রতীকে প্রথম দফায় পৌরসভার নির্বাচনে তেমন কোনো অভিযোগ আসেনি এবং সমালোচনামুখর পরিস্থিতির সৃষ্টি হয়নি।