ইউএনডিপি'র আঞ্চলিক পরিচালক ঢাকায় আসছেন

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২১:০৯
জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাওলিয়াং জু চারদিনের বাংলাদেশ সফরে আগামীকাল ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশে এটি তার তৃতীয় সফর।
 
ইউএনডিপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সফরকালে হাওলিয়াং জু আগামী ২৬ এপ্রিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন ও সাংবাদিকদের সাথে বৈঠক করবেন।"
 
সফরকালে তিনি ইউএনডিপির ৫০তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল ঢাকায় অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ দ্রুত গতিতে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে- এ প্রেক্ষিতে বাংলাদেশে ইউএনডিপির ৪০ বছরের সহায়তার সম্পর্ককে এই অভিমুখে আরো কিভাবে ধাবিত করা যায়; সে বিষয়গুলো তার এই সফরে প্রাধান্য পাবে। এছাড়া সফরকালে হাওলিয়াং জু সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও রূপকল্প-২০২১ এর সঙ্গে জাতিসংঘের নতুন পাঁচটি কৌশলগত পরিকল্পনা কিভাবে সম্পৃক্ত হতে পারে, তিনি সে বিষয়ে আলোকপাত করবেন।