নিজেকে জেলে নেয়ার বিনিময়ে হলেও ছেলেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে দৈনিক আমার দেশ পরিবার এর সংবাদ সম্মেলনে একমাত্র ছেলের মুক্তি চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মাহমুদা বেগম।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাহমুদা বেগম বলেন, ‘আমার ছেলেকে দীর্ঘদিন জেলে আটক রেখেও আপনার ব্যক্তিগত জিঘাংসা যদি পরিতৃপ্ত না হয়ে থাকে, তাহলে আমাকে জেলে নেয়ার বিনিময়ে আমার নিরপরাধ সন্তানকে মুক্তি দিন।’
মাহমুদুর রহমানের মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বাংলাদেশের সব মায়ের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, 'আপনারা আমার একমাত্র সন্তানের মুক্তির জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমি আপনাদের সকলের জন্যে এবং আপনাদের সন্তানদের জন্যে দোয়া করি।'
মাহমুদুর রহমানকে ২০১৩ সালের ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৮০টি মামলায় জামিন পেয়েছেন। এখন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর দাবি করেছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে, একাংশ) মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান, মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া প্রমুখ।
