কাপ্তাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে আগুন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৯:২৪
কাপ্তাই উপজেলায় অবস্থিত সংরক্ষিত বনাঞ্চলে ইদানিং আগুন লেগে যাচ্ছে বা লাগানো হচ্ছে। বনের একস্থানে কোনোভাবে আগুন লাগলে সেই আগুন শুকনো পাতার সংস্পর্শে বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য বনের আশপাশে বিশেষ ব্যবস্থা না থাকায় আগুন ছড়িয়ে পড়ে। সংরক্ষিত বনের কাপ্তাই-জীবতলী সড়ক, চিত্মরম, বেংছড়িসহ বিভিন্ন সংরক্ষিত বনে প্রায় সময়ই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একবার আগুন লাগলে বনে সেগুনসহ অন্যান্য গাছের শুকনো পাতা পড়ে থাকায় সহজে ছড়িয়ে পড়ে।
 
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুল মুহিত চৌধুরী বলেন, এখন প্রচণ্ড গরম আর শুষ্ক আবহাওয়া চলছে। সবকিছু শুকিয়ে আছে। বনের ভিতরেও শুকনো পাতা এবং শুকনো ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সংরক্ষিত বনের পাশ দিয়ে মানুষের যাতায়াত থাকায় কেউ হয়তো সিগারেটের পোড়া অংশ শুকনো পাতার উপর ফেলছেন, তা থেকে আগুন ধরে যেতে পারে। আবার কোনো দুষ্ট ছেলে বা অন্য কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে পারে। বনে আগুন লাগার সংবাদ পাবার সাথে সাথে আমরা কাপ্তাই দমকল বাহিনীর সহযোগিতা নিয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেই।  কাপ্তাই বন ও পশু-পাখি রক্ষা কমিটির সভাপতি মাকছুদুর রহমান জানান, বনে আগুন লাগলে শুধু যে বনের গাছগাছালির ক্ষতি হয় তা নয়, বনে পশু পাখি ও পোকা-মাকড় সবকিছুরই ক্ষতি হয়। এমনিতেই বনে এখন পাখপাখালী বেশি দেখা যায় না। এভাবে আগুন লাগলে বর্তমানে যে বন্য প্রাণী বনে রয়েছে সেগুলোও হারিয়ে যাবে।