বাংলাদেশে শুরু হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহত্ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’। বিশ্বের ২২০টির বেশি নগরীর মতো রাজধানী ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, পরিচালক সামিরা জুবেরী হিমিকা, ইউল্যাবের সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসেন ও আইইউবির সিএসই বিভাগের প্রধান ড. আশরাফুল আমিন। সঞ্চালনা করেন বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক আরিফুল হাসান অপু।
মহাকাশে নভোচারীদের নিরাপত্তা, আবহাওয়া, তথ্য ইত্যাদি সম্পর্কে আইডিয়া, অ্যাপস, গেইমের মাধ্যমে নানা সমাধান নিয়ে হাজির হয়েছেন অংশগ্রহণকারীরা। বিশেষজ্ঞ মেন্টরদের সহযোগিতায় সেগুলো আরো উন্নত করে উপস্থাপনের প্রয়োজনীয় সব সুবিধাই পাবেন তারা। এর মাধ্যমে উঠে আসবে মহাকাশের জন্য তৈরি নানা সমাধান।
সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্যায় থেকে নির্বাচিত ৫০টি দলে মোট ২০০ জন চূড়ান্ত হ্যাকাথনে অংশ নিয়েছে। বাংলাদেশ পর্যায়ের এ চূড়ান্ত হ্যাকাথন থেকে বিজয়ীরা নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আজ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে টানা ৩৬ ঘণ্টার এ হ্যাকাথন। বাংলাদেশ পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন রিনি স্টোফান।
গতবারের মতো বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এবারের প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। এছাড়া একাডেমিক পার্টনার হিসেবে থাকছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও রাজশাহী ইউনিভার্সিটি।
