হরিণাকুন্ডুতে নারীকে শ্বাসরোধ করে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১১:৩০
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় লিপা খাতুন নামে এক নারীকে গলায় ফাঁস ও পিটিয়ে হত্যা করেছে তার প্রাক্তন স্বামী। নিহতের বাবার নাম ফজলু মন্ডল।
 
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই নারীর প্রাক্তন স্বামী ঠান্ডু মন্ডলকে গ্রেফতার করেছে।
 
জানা গেছে, কিছু দিন আগে লিপা খাতুনের সঙ্গে ঠান্ডু মন্ডলের বিবাহবিচ্ছেদ ঘটে। কিন্তু ঠান্ডু মন্ডল লিপা খাতুনের সঙ্গে ফের সম্পর্ক গড়ার চেষ্টা করেন। লিপা এতে সাড়া না দেয়ায় ঠাণ্ডু ক্ষিপ্ত হয়। এরই জের ধরে শুক্রবার রাতে লিপা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওঁৎ পেতে থাকা ঠান্ডু মন্ডল তাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। লিপার বাবা ফজলু মন্ডল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হরিনাকুন্ডু থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।