রাণীনগরে যুবকের উপর অ্যাসিড নিক্ষেপ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৩:৫৮
নওগাঁর রাণীনগর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ঘুমন্ত অবস্থায় স্বজল হোসেন (২২) নামে এক যুবককে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেয়া হয়েছে। তিনি নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, শুক্রবার দিনগত রাতে স্বজল খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কে বা কারা জানালা দিয়ে স্বজলের উপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে তার পিঠ, ঘাড় ও হাতের কিছু অংশ ঝলসে যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
স্বজলের বাবা দুলাল হোসেন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার ভাই আফজাল হোসেন খোকার সঙ্গে বিবাদ চলে আসছিল। এই বিবাদের জের ধরে আমার ভাই এবং ভাবী এটা করে থাকতে পারে।’   
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’