ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ দৃঢ়ভাবে বলেছেন, তার দেশের জনগণ গণতন্ত্রের যেকোন বিপর্যয় মোকাবেলা করতে সক্ষম হবে। ২০১৪ সালে নির্বাচনের আগে সরকারি তহবিল সম্পর্কে সঠিক তথ্য না দেয়ার অভিযোগে রৌসেফকে অভিশংসিত করা হবে কি না, তা নিয়ে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটির আইনসভার নিম্নকক্ষে গত ১৭ এপ্রিল রোববার ভোট হয়।
অভিশংসনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট সহজেই অর্জন করেন রুসেফ বিরোধীরা। অভিশংসনের প্রস্তাবটি এখন আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। শুক্রবার জাতিসংঘে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রৌসেফ বলেন, ব্রাজিল সুশীল সমাজে সমৃদ্ধ একটি উন্নত দেশ। দেশটির সুশীল সমাজের লোকজন অতীতে একনায়কতন্ত্র মোকাবেলা করেছেন।
তিনি বলেন, আমাদের কর্মঠ জাতি। স্বাধীনতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। আমার সন্দেহ নেই যে ব্রাজিলের লোকজন যেকোন বিপর্যয় মোকাবেলা করতে সক্ষম হবে। রৌসেফ তার বক্তব্যের শেষ দিকে সরকারি বাজেটে সঠিক তথ্য না দেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি ব্রাজিলের ‘গুরুতর মুহূর্ত’ নিয়ে বক্তব্য রাখেন।
রৌসেফ তার প্রতি সংহতি জানানো সকল নেতাকে ধন্যবাদ জানান। জাতিসংঘ ছাড়ার পর রৌসেফ ব্রাজিলের গণমাধ্যমকে তাকে অভিশংসনের প্রচেষ্টাকে ফের ‘অভ্যুত্থানচেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি গোটা প্রক্রিয়ার প্রতি নজর রাখতে আঞ্চলিক সংস্থা মার্কোসার ও ইউএনএএসইউআরকে আহবানও জানিয়েছেন। তিনি বলেন, আমি সম্পূর্ণ ভিত্তিহীন প্রক্রিয়ার শিকার হয়েছি। তিনি আরো বলেন, আপনারা আঙুল দিয়ে সূর্যকে ঢাকতে পারবেন না। এএফপি।
