রোনালদোর ইনজুরির খবর নিশ্চিত করলো রিয়াল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৪:২৮
ক্রিশ্চিয়ানো রোনালদোর থাইয়ের পেশীতে টান পড়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এর অর্থ হচ্ছে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে রোনালদোর খেলা নিয়ে সংশয় আছে। 
 
বুধবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচের শেষের দিকে পর্তুগিজ এই তারকা ডান থাইয়ে আঘাত পান। এ সম্পর্কে ক্লাবের প্রধান কোচ জিনেদিন জিদান বলেছেন, রোনালদোর ইনজুরি ততটা গুরুতর নয়, এজন্য তিনি ততটা চিন্তিত নন। এদিকে রোনালদো নিজে ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন ঘটনার পরে সবকিছুই ঠিক আছে। 
 
মাদ্রিদের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, চলতি সপ্তাহে পেশীর অবস্থা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। এ কারণেই রোনালদোর ফিরে আসার ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শুক্রবার স্থানীয় হাসপাতালে পরীক্ষার পরে তার ডান থাইয়ের পেশীতে ইনজুরি ধরা পড়েছে। তবে তার ইনজুরি এখন পর্যবেক্ষণে রাখা হবে। 
 
এবারের মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে কোন ম্যাচে এক মিনিটও অনুপস্থিত ছিলেন না রোনালদো। এখন ধারণা করা হচ্ছে, শনিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হবে। এমনকি মঙ্গলবার ম্যান সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগও তিনি অনুপস্থিত থাকতে পারেন।
 
পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য রোনালদোর ২০১৬ ইউরোতে অংশগ্রহণ নিয়ে এখনই চিন্তিত নন। ৩১ গোল করে ইতোমধ্যেই লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনটি ধরে রেখেছেন সিআর সেভেন। সব ধরনের প্রতিযোগিতায় তার গোলসংখ্যা ৪৭। গোল.কম।