দেশে প্রথমবারের মতো আইসিটি ক্যারিয়ার নিয়ে আয়োজন 'আইসিটি ক্যারিয়ার ক্যাম্প'র উদ্বোধন হল আজ শনিবার। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
লোগো উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, এই ক্যাম্পের মাধ্যমে আগামী তিন বছরে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৪৫ হাজার দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ করবে বলে বলেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সেই লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের আগ্রহী করতে ও খাতের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে দেশের ৬৪ জেলার বিশ্ববিদ্যালয় ও কলেজে এই আয়োজন করবে বিসিসি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিসিসি'র 'লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স' (এলআইসিটি) প্রকল্পের আওতায় এই মানব সম্পদ গড়ে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, এখন আর তরুণরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায় না। তারা চায় মার্ক জাকারবার্গ হতে। আইসিটি বিষয়ে ভালো জ্ঞান থাকলেই জাকারবার্গ হওয়া যায়।
পলক বলেন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের প্রধান উদ্দেশ্য ২০২১ সাল নাগাদ আইসিটি আয় পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা। একইসঙ্গে এ সময়ের মধ্যে ২০ লাখ তরুণের কর্মসংস্থান তৈরি করা।
তরুণ মেধাবীদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হবে। এলআইসিটি প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করবে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং। বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজগুলোতে গিয়ে প্রথমে একটি সাধারণ পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণদের ৩০০ ঘণ্টার একটি প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদারসহ আরও অনেকে।
