ঝুঁকির মুখে সিরিয়ার অস্ত্রবিরতি: ওবামা ও জাতিসংঘের হুশিয়ারি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৪:৫০
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘের বিশেষ দূত সিরিয়ার ভঙ্গুর অস্ত্রবিরতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।  যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোয় সহিংসতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার উভয়ে অস্ত্র বিরতি নিয়ে তাদের আশংকার কথা জানান। 
 
জেনেভায় সাংবাদিকদের জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসতুরা বলেন, অস্ত্রবিরতি এখনও কার্যকর রয়েছে। কিন্তু আমরা দ্রুত পদক্ষেপ না নিলে এটি বড়ো ধরণের সমস্যায় পড়বে। লন্ডনে এক সংবাদ সম্মেলনে ওবামা সিরিয়া পরিস্থিতি নিয়ে সর্তক করে বলেন, প্রায় ভেঙে পড়া অস্ত্রবিরতি ও এর স্থায়িত্ব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
 
উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার মধ্যদিয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় আংশিক অস্ত্রবিরতি কার্যকর হয়। এতে ইসলামিক স্টেট গ্রুপকে অন্তর্ভুক্ত করা হয়নি। অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে সিরিয়ার অধিকাংশ এলাকায় নাটকীয়ভাবে সহিংসতা কমে যায়। ফলে জেনেভায় চলমান শান্তি আলোচনা নিয়ে সবার মাঝে আশা দানা বাঁধে যে এর মধ্যদিয়ে হয়তো দেশটিতে রক্তঝরার অবসান হবে।
 
কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি উল্টোদিকে মোড় নেয়। কিছু এলাকা বিশেষ করে আলেপ্পোতে সহিংসতা তীব্র হতে শুরু করে। জরুরি কর্মীরা বলছেন, কেবলমাত্র শুক্রবারে বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর পাশে বিমান হামলায় ২৫ বেসামরিক নিহত ও ৪০ জন আহত হয়েছে।  ডি মিসতুরা বলেন, শুক্রবারের এ সহিংসতা খুবই উদ্বেগজনক।
 
এদিকে সহিংসতা বেড়ে যাওয়া এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে ব্যর্থতার কারণে সিরিয়ার প্রধান বিরোধী হাই নেগোশিয়েসন্স কমিটি(এইচএনসি) হতাশ হয়ে চলতি সপ্তাহে জেনেভায় চলমান শান্তি আলোচনায় যোগ দেয়া থেকে বিরত থাকছে।  তবে মিসতুরা বলছেন, জেনেভা হোটেলে এইচএনসি’র বাদ বাকি সদস্যদের সাথে তার দলের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। 
 
তিনি বলেন, এ আলোচনা বুধবার পর্যন্ত চালিয়ে যাওয়ার ইচ্ছে তার রয়েছে। উল্লেখ্য গত ১৩ এপ্রিল জেনেভায় এ শান্তি আলোচনা শুরু হয়।  এদিকে ওবামা সিরিয়ার খুনি সরকারকে সমর্থন দেয়ার জন্যে রাশিয়ার তীব্র সমালোচনা করেন। তবে তিনি অস্ত্রবিরতি জোরদার ও শান্তি আলোচনা সমর্থনের জন্যে রাশিয়ার সাথে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। 
 
তিনি বলেন, সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরো চাপে রাখতে এবং জেনেভায় চলমান শান্তি আলোচনায় বিরোধীদের অংশগ্রহণ অব্যাহত রাখার চেষ্টা নিয়ে আলাপ করেন। ওবামা আইএসের প্রসঙ্গ ধরে বলেন, অস্ত্রবিরতি ভেঙে গেলেও আমরা একযোগে এটিকে আবারও কার্যকরের চেষ্টা করবো। তবে আইএসের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। সিরিয়ায় ২০১১ সালের মার্চে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার লোক নিহত হয়েছে। এএফপি।