আজ উইলিয়াম শেক্সপিয়ারের চারশোতম মৃত্যুবার্ষিকী। ১৬১৬ সালের এই দিনেই মৃত্যু হয় এই ইংরেজ কবি-নাট্যকারের। আর এই বিশেষ দিনটিকে সম্মান জানাতে নতুন ডুডল প্রকাশ করেছে গুগল। ডুডলটিতে অভিনব কায়দায় তুলে আনা হয়েছে শেক্সপিয়ার এবং তার বিখ্যাত কিছু চরিত্রকে।
আজ সকাল থেকে গুগলের সার্চ ইঞ্জিন খুললেই চোখে পড়ছে এই মজাদার ডুডল।
ডুডলে শেক্সপিয়ার আছেন মাঝখানে। তার বাঁদিক থেকে একে একে আছে খুলি হাতে প্রিন্স হ্যামলেট, তারপর আছে জুলিয়াস সিজার, পিছন থেকে ছুরি মারার জন্য উদ্যত ব্রুটাস, তিন নম্বরে আছে ওথেলোর মনে সন্দেহের বিজ বুনতে প্রস্তুত ইয়াগো হাতে ধরা ডেসডিমোনার রুমাল, তারপর আছে রোমিও এবং জুলিয়েটের বিখ্যাত ব্যালকনি সিনের ঝলক।
ডুডলটির ডানদিকে তাকালে চোখে পড়বে দ্য টেম্পটেস্ট অথবা কমেডি অফ এররসের শিপ রেক সিন, তারপর আছে কিং লিয়ার, একাকী রাজা লিয়ারের পাশে আছে ম্যাকবেথের তিন ডাকিনী। সব শেষে আছে আ মিডসামার নাইটস ড্রিমের এক ঝলক।
শেক্সপিয়ার এবং তার আট বিখ্যাত নাটকের কয়েকটি ঝলকে সমৃদ্ধ অভিনব ডুডলটি ভালোই সাড়া ফেলেছে অনুরাগীদের মনে। সূত্র- দ্যা হিন্দু ডটকম।
