গত মাসের নিজের জন্মদিনে মায়ের পূর্বপুরুষের বাড়ি কিনতে ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা আমির খান। সিদ্ধান্তটি আবেগপূর্ণ হলেও সেটি বাস্তবায়ন করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেনারসের খাজা মঞ্জিলে কেটেছে আমিরের মা জিনাত হুসেইনের ছোটবেলা। তার মায়ের অনেকদিনের ইচ্ছা সেই বাড়িতে বসবাস করা।
একটি সূত্র বলেছে, ঐবাড়িটির দখলদারিত্ব নিয়ে আইনি ঝামেলা আছে। একই সঙ্গে তিন মালিকের মধ্যে দুইজন নাকি বাড়িটি বিক্রি করতে রাজি নন। এমনকি, আমিরের আইনজীবীর সঙ্গে এই বিষয়ে কথা বলতেও রাজি হননি তাদের কেউই।
ঐ সূত্রটি আরো বলেছে, আমির বাড়িটি পাওয়ার ইচ্ছা এখনো ত্যাগ করেননি। তিনি স্থানীয় লোকজনকেও এই বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন।
২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ ছবির প্রচারণার জন্যও তিনি বানারস গিয়েছিলেন। ঐ সময় এক অটোচালকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠায় পরবর্তীতে তার ছেলের বিয়েতে গিয়েছিলেন আমির।
তবে এই বিষয়ে আমিরের মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
