অকালেই ঝরে গেল সুহাস

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৭:৫৮
 
বাড়ি ভর্তি মানুষ। সবাই হাউমাউ করে কাঁদছেন। মেধাবী সুহাসের মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না। সুহাস চলতি বছর পিএসসি পরীক্ষা গোল্ডেন এ প্লাসসহ বৃত্তি পেয়েছে। তাই ছেলেকে নতুন জামা-কাপড় কিনে দেয়ার জন্য বাবা-মা দু'জনেই অটো রিক্সা নিয়ে কুড়িগ্রাম যাওয়ার জন্য রওনা দেন। রাস্তায় ঘটে যায় এ মর্মান্তিক দুর্ঘটনা। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। গুরুতর আহত সুহাসকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
 
সুহাসের চিকিৎসক হওয়ার স্বপ্ন আজ এভাবে নিমিষেই শেষ হয়ে গেল। ঝড়ে গেল একটি মেধাবী প্রাণ। তার বাড়ি উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে।
 
জানা গেছে, পাঁচপীর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সরকার মওদুদ হোসেন ও নতুন অনন্তপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরাঈম বেগমের প্রথম পুত্র সরকার মাহির ফাইয়ান সুহাস (১২) ও ছোট ছেলে শুদ্ধসহ ৪ জনই অটো-রিক্সা নিয়ে কেনাকাটার জন্য বাড়ি থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে অটো-রিক্সাটি দূর্গাপুর মিলনপুর নামকস্থানে একটি দ্রুতগামী মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সুহাসের মাথায় সজোরে আঘাত লাগলে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। মুমূর্ষু অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সুহাস খুবই হাসিখুশি স্বভাবের বলে তার সহপাঠীরা জানান।