জীবননগরে ভুয়া কাজীর ১৫ দিনের জেল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৮:০৫
নকল রেজিস্ট্রারের মাধ্যমে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে জীবননগরে এক ভুয়া কাজীর ১৫ দিনের জেল দেয়া হয়েছে।
 
শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত ভুয়া কাজী ফরহাদ হোসেন রাজুকে (৩২) এ সাজা প্রদান করে।
 
আদালত সূত্রে জানা যায়, শহরের সাবেক বিবাহ রেজিস্ট্রার আবুল কালাম আজাদের মৃত্যুর পর তার ছেলে ফরহাদ হোসেন রাজু এ পেশায় থেকে যান। নিজের নামে লাইসেন্স না থাকলেও তিনি উপজেলার উথলী ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আলমগীর হোসেন ওরফে আলম কাজীর নামে ছাপানো একটি ভুয়া রেজিস্ট্রার নিয়ে দীর্ঘদিন ধরে বাল্য বিয়ে দেওয়াসহ ভুয়া বিয়ে পড়িয়ে অর্থ বাণিজ্য করে আসছিলেন।শনিবার  দুপুরে ফরহাদ হোসেন রাজু উপজেলার বেনীপুর গ্রামের হানেফ আলীর মেয়ে শান্তনা খাতুনের সঙ্গে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জি-পান্তাপাড়া ইউনিয়নের ভোগেরদাড়ি গ্রামের তবিবুর রহমানের ছেলে রাজন হোসেনের বিয়ে দেন। এ বিয়ে তিনি ওই ভুয়া রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন। খবর পেয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট  ইউএনও নুরুল হাফিজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজী ফরহাদ হোসেন রাজুকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।