ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ বলেছেন, তাকে অভিশংসিত করা হলে তিনি দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মেরকোসার থেকে ব্রাজিলের সদস্যপদ স্থগিত করে দেয়ার আহ্বান জানাবেন। খবর- বিবিসির।
জোটভুক্ত কোন দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা হলে সে দেশের সদস্যপদ স্থগিত রাখার বিধান রয়েছে। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে সমস্যার মুখে পড়বে ব্রাজিল।
রৌসেফ তার অভিশংসনকে বরাবরই বিরোধীদের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে তুলনা করেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে বাজেটের আয়-ব্যায় বাড়িয়ে দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি কোন ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছেন।
রৌসেফকে অভিশংসনের প্রস্তাব ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ ভোটে অনুমোদিত হয়েছে। এখন পার্লামেন্টের উচ্চ কক্ষে পরাজিত হলে রৌসেফের অভিশংসন প্রক্রিয়া পূর্ণ হবে।
