স্ত্রীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:২৯
বগুড়ার শেরপুরে শারমিন আকতার তনি (২৭) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়েছে। তনির শ্বশুরের নির্বাচনী ব্যয় মেটানোর টাকা না পেয়ে স্বামী আব্দুল মতিন তাকে  হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
 
শনিবার বিকাল ৩টার দিকে ঘরের দরজার তালা ভেঙে তনির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।এ ঘটনার পর থেকে দুই সন্তানকে নিয়ে স্বামী পালিয়ে গেছে।
 
তনির স্বজনরা জানান, প্রায় ১১ বছর আগে উপজেলার কুসুম্বী ইউনিয়নের তাতড়া গ্রামের আমজাদ মেম্বারের ছেলে আব্দুল মতীনের সঙ্গে শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকার ব্যবসায়ী মৃত শরিফুল ইসলাম তারুর মেয়ে শারমিন আকতার তনির বিয়ে হয়। বাবার মৃত্যুর পর পৈত্রিক সূত্রে পাওয়া বাড়িতে মেয়ে শারমিন আকতার তনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  কুসুম্বী ইউনিয়ন থেকে সাধারণ সদস্য  পদে নির্বাচন করতে শ্বশুর আমজাদ হোসেন প্রার্থী হয়েছেন। নির্বাচনী ব্যয় মেটানোর জন্য আব্দুল মতিন স্ত্রী শারমিন আকতার তনির কাছে বারবার টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু তনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার  রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাতের কোন এক সময় আব্দুল মতিন স্ত্রীর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘরের দরজা তালাবদ্ধ করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
 
 শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম  জানান, হত্যার কাজে ব্যবহৃত দু’টি ধারালো চাকু, বটি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।