পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির গুলিতে ইমদাদ হোসেন (৬০) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
ইমদাদ হোসেন বাহাদুরপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের জিন্নাত আলীর ছেলে শাহ আলমের নাম জানা গেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বিজিবির গাড়ি ভাঙচুর করেছে। বেশ কয়েক রাউন্ড গুলি করেছে বিজিবি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার চাটমোহর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন ছিল। মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ মেম্বার প্রার্থী আকামত আলীর (প্রতীক ফুটবল) সমর্থকরা বারবার ভোট গণনার দাবি জানান। কয়েকবার ভোট গণনাও করা হয়। এক পর্যায়ে প্রিজাইডিং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন সঠিক ফলাফল ঘোষণা করেন এবং এজেন্টরা স্বাক্ষর করেন। পরে ফুটবল সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে কর্মকর্তাদের ঘিরে ফেলেন। হামলা চালানো হয় বিজিবির গাড়িতে। গাড়ি ভাঙচুর করা হলে বিজিবি জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে ফাঁকা গুলি চালায়। এরপর বিক্ষুব্ধ ব্যক্তিরা বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে বিজিবি গুলি চালায়। এতে বেশ কয়েবজন আহত হয়। গুরুতর আহত ইমদাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
