‘‘রাজউকের কাজে মানুষ সন্তুষ্ট নয়। তাদের কাজ মানুষকে কষ্ট দেয়া। রাজউক অন্তর্মুখী। তাদের ফরোয়ার্ডমুখী চিন্তা নেই।’’ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বাদ দেননি গণপূর্ত মন্ত্রণালয়কেও। গণপূর্তের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আবাসন খাত নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় অর্থনীতিতে আবাসন খাত শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন)।
মন্ত্রী বলেন, তাদের কাজের মান খুব খারাপ। এ প্রসঙ্গে সমপ্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কিশোরগঞ্জে সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি সার্কিট হাউসের শৌচাগারে গেলাম। দরজার ছিটকিনি লাগানো যায় না। পানিভর্তি বালতি দিয়ে দরজা আটকাতে হলো।
মগবাজার উড়ালসড়ক প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ডানদিকের কাজ বামদিকে। বামদিকের কাজ ডানদিকে। কী আজব ব্যাপার।’
রাজউক ও গণপূর্তের জন্য সত্যিকারের প্রশিক্ষণ দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সব মানুষের জন্যই আবাসনের ব্যবস্থা করবে। আগামী ২০১৯ সালের মধ্যে সব সরকারি কর্মকর্তার জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা করবে। তিনি বলেন, আবাসন খাতের উন্নয়নের জন্য রাজউক ও রিহ্যাবের মধ্যে সমন্বয় থাকা দরকার।
সিসিএনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআইয়ের সভাপতি মতলব আহমেদ, সাবেক সভাপতি মীর নাসির হোসেন, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আল আমীন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম প্রমুখ।
