যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সিরিয়ায় জাতিসংঘের দূত স্টেফান ডি মিসতুরা আশঙ্কা প্রকাশ করেছেন সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙে পড়ছে।
সম্প্রতি সরকারি বাহিনীর বিমান হামলায় আলেপ্পোয় ১৮ জন নিহত হয়েছে। দামেস্কের কাছে একটি সরকারি বিমান বিধ্বস্ত হয়েছে।
মিসতুরা শান্তি আলোচনার ব্যর্থতা আটকাতে আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার ধারণা সিরিয়ায় সংঘাতে এ পর্যন্ত ৪ লাখ মানুষ মারা গেছে। নিহতের এই সংখ্যার প্রমাণ দিতে না পারলেও তার ধারণা এই সংখ্যার খুব বেশি তারতম্য হবে না।
মিসতুরা বলেন, আলেপ্পোয় যা ঘটছে তা খুবই উদ্বেগজনক। এদিকে যুক্তরাজ্য সফরকালে ওবামা বলেছেন সিরিয়ায় যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে ওবামা সিরিয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেন, ‘প্রায় ভেঙে পড়া অস্ত্রবিরতি ও এর স্থায়িত্ব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার মধ্য দিয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় আংশিক অস্ত্রবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতিতে ইসলামিক স্টেটকে অন্তর্ভুক্ত করা হয়নি। অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে সিরিয়ার অধিকাংশ এলাকায় নাটকীয়ভাবে সহিংসতা কমে যায়। ফলে জেনেভায় চলমান শান্তি আলোচনা নিয়ে সবার মাঝে আশা জাগে যে এর মধ্য দিয়ে হয়তো সিরিয়ায় রক্তপাতের অবসান হবে।
কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি উল্টোদিকে মোড় নেয়। কিছু এলাকা, বিশেষ করে আলেপ্পোতে সহিংসতা তীব্র হতে শুরু করে। জরুরি কর্মীরা বলছেন, কেবল শুক্রবারে বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর পাশে বিমান হামলায় ২৫ বেসামরিক লোক নিহত ও ৪০ জন আহত হয়েছে। সূত্র: বিবিসি, আলজাজিরা ও এএফপি
