সাম্রাজ্যবাদী শক্তি এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে: মেনন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২৩:০০
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর এই সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াতের রাজনীতিতেও মদদ দিয়ে চলেছে।'
 
শহীদ আসাদ মিলনায়তনে শনিবার ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতাকালে এই কথা বলেন। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।
 
'পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপ দিয়েছিলেন কমরেড লেনিন।' উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, 'মানব মুক্তি ও মানুষের সাম্য সমতার ও সমাজতন্ত্রের ধারণাটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। পৃথিবীর শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থের সপক্ষের রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে, তা প্রমাণ করেছেন। মহামতি লেনিন সেই কারণেই নিপীড়িত মানুষের বিশ্বনেতা।'
 
লেনিনের নির্দেশিত পথ এখনও দিশা হিসেবে কাজ করছে। পৃথিবী জুড়ে নতুন করে শোষণ-বৈষম্য, নিপীড়ন, নির্যাতন বেড়েছে। যুদ্ধ বিগ্রহ লাগিয়ে পুঁজিবাদকে রক্ষা করার চিরায়ত কৌশল সাম্রাজ্যবাদ অব্যাহত রেখেছে বলে তিনি তার বক্তৃতায় এমনটাই দাবী করেছেন।