মার্শালের গোলে এফএ কাপের ফাইনালে ম্যানইউ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০৯:১০
অ্যান্থনি মার্শালের শেষ মুহূর্তের গোলে এভারটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমি-ফাইনালে লুইস ফন গালের দলের ২-১ গোলের জয়ে অপর গোলটি মারুন ফেলানি।
 
লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের তিন গোলই ইউনাইটেডের করা! ক্রিস স্মলিংয়ের আত্মঘাতী গোল এভারটনকে সমতায় ফেরালেও দলটির শেষ রক্ষা হয়নি। ওয়েইন রুনি, মার্সিয়াল ভালো কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৩৪তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। বাঁ দিক থেকে মার্সিয়ালের শেষ মুহূর্তে বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে জালে পাঠিয়ে দেন ফেলাইনি।
 
 পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা এভারটন ৫৭তম মিনিটে সমতায় ফেরায় দারুণ সুযোগ হারায় রোমেলু লুকাকু পেনাল্টি থেকে গোল করতে না পারায়। বেলজিয়ামের এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান দাভিদ দি হেয়া। বক্সের মধ্যে রস বার্কলিকে ইউনাইটেডের টিমোথি ফোসু-মেনাসাহ ফাউল করলে পেনাল্টি পায় এভারটন।
 
৭৬তম মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে এভারটন। জেরার্দ দেউলোফেউ নিচু ক্রস বাড়িয়েছিলেন লুকাকুর উদ্দেশে; কিন্তু তার আগেই বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন স্মলিং। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউনাইটেড সমর্থকদের মুখে হাসি ফেরান মার্শাল। 
 
অ্যান্ডার হেরেরাকে বল দিয়ে বক্সের দিকে দৌড় শুরু করেন ফরাসি এই ফরোয়ার্ড। এররেরা মাটিতে পড়ে যাওয়ার আগে বল বাড়ান মার্সিয়ালকে; বল নিয়ন্ত্রণে নিয়ে সহজেই গোলরক্ষককে পরাস্ত করে ইউনাইটেডকে এফএ কাপের ফাইনালে তোলেন তিনি। ২০০৭ সালের পর আবার এফএ কাপের ফাইনালে উঠল ১১ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলিতে আগামী ২১মের ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রোববার ক্রিস্টাল প্যালেস-ওয়াটফোর্ড ম্যাচের জয়ী দল। গোল.কম।