দাম্পত্য জীবনে অনেক সময় ঝগড়া-ঝাটির ঘটনা ঘটে। কিন্তু তা যদি প্রতিবেশীদের কান পর্যন্ত পৌঁছায় তাহলে তার পরিণাম মাঝে মাঝে বেশ খারাপ ফল বয়ে আনে। এই যেমন ক্যানাডার অন্টারিওতে স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়ার এবং খুনের হুমকিতে বাসায় এসে হাজির হয়েছিল পুলিশ।
প্রতিবেশীরা পুলিশকে জানায়, ঐ বাসার পুরুষটি স্ত্রীকে উদ্দেশ করে বলছিল, আমি চাই তুমি মরো- মরে যাও। অপমানসূচক গালিগালাজও করছিলেন ঐ ব্যক্তি। নারীকণ্ঠেও অপমানসূচক জবাব দেয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ এসে তো হতবাক। কারণ বাসায় এসে ঐ পুরুষকে দেখা গেলেও পাওয়া যায়নি কোনো নারীকে। পুলিশ এসে দেখেন ঐ ব্যক্তি মদপান করছেন আর তার পোষা টিয়াপাখির উদ্দেশে চিত্কার করে গালিগালাজ করছেন। পোষা টিয়াটি মনিবের কথার পুনরাবৃত্তি করছে মাত্র। বাসায় আসলে কোনো নারী ছিল না। পুলিশ এসে আবিষ্কার করে টিয়াবধূকে।
বিবিসি।
