শিশুর প্রতি সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১০:৫১
সমাজে বিদ্যমান চলমান অস্থিরতা শিশুর প্রতি সহিংসতা বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন বিজ্ঞজনরা। তারা বলেন, নিজ পরিবারেও শিশু আজ নিরাপদ নয়। স্বয়ং মা-বাবা আজ শিশু নির্যাতন করছে। পিছিয়ে নেই শিক্ষাপ্রতিষ্ঠানও, যা আশঙ্কাজনক বলে মনে করেন তারা। এমতাবস্থায় রাষ্ট্র, সমাজ, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যমকে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া জরুরি বলে মতপ্রকাশ করেন তারা।
 
শনিবার অনন্যা মিলনায়তনে অনুষ্ঠিত ‘শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এই মত প্রকাশ করেন তারা। সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে ব্রেকিং দ্যা সাইলেন্স। এতে সভাপতিত্ব করেন পাক্ষিক অনন্যা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য ড. রতন সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ব্রেকিং দ্যা সাইলেন্স-এর নির্বাহী পরিচালক সুলতানা।
 
আনোয়ারুল ইসলাম সিকদার বলেন, বাড়ি থেকেই আমাদের সচেতনতা শুরু করতে হবে। প্রযুক্তি ব্যবহারে শিশুদের সতর্ক করতে হবে।
 
ড. রতন সিদ্দিকী বলেন, স্বাধীন হওয়ার ৪০ বছর পর আমরা শিক্ষানীতি পেয়েছি। আমরা সব কিছু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারি না। আবার যেটুকু করেছি তাও পড়ানোর শিক্ষা শিক্ষকের নেই। আমরা শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি। এক সময় আমরা এই অবস্থার পরিবর্তন করবো।
 
তাসমিমা হোসেন বলেন, শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আমরা অস্বীকার করি না। আপনারা আমাদের পরামর্শ দিন, আমাদের যা করা উচিত আমরা তাই করবো।