নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোট ১৩টি ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে নৌকার প্রার্থীরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন। মাত্র তিনটিতে নৌকার প্রার্থীরা জয় লাভ করেছে। ছয়টিতে জিতেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। বাকি চারটির মধ্যে তিনটিতে বিএনপি এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। আর এজন্য দায়ী করা হয়েছে আওয়ামী লীগের সঠিক প্রার্থী মনোনয়ন দিতে ব্যর্থতা এবং দলীয় কোন্দল।
কেন্দুয়ার ১৩ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের (নৌকা) বিজয়ীরা হচ্ছেন, গন্ডা ইউনিয়নে মো. সঞ্জু মিয়া, সান্দিকোণা ইউনিয়নে আজিজুল ইসলাম এবং মোজ্জাফরপুর ইউনিয়নে জাহাঙ্গীর চৌধুরী।
আওয়ামী লীগের জয়ী বিদ্রোহীরা হচ্ছেন, আশুজিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম রফিক, দলপা ইউনিয়নে আমিনূর রহমান খান পাঠান, গড়াডোবা ইউনিয়নে মজিবুর রহমান বাবলু, নওপাড়া ইউনিয়নে মুহাম্মাদ শফিকুল ইসলাম, রোয়াইলবাড়ি ইউনিয়নে এস এম ইকবাল রুমী ও পাইকুড়া ইউনিয়নে মো. হুমায়ন কবীর চৌধুরী।
বিএনপির বিজয়ীরা হচ্ছেন, চিরাং ইউনিয়নে মাহাবুবুল আলম খান, বলাইশিমুলে আলী আকবর তালুকদার মল্লিক এবং কান্দিউড়া ইউনিয়নে শহিদুল্লাহ কায়সার। বিএনপির বিদ্রোহী হিসেবে মাসকা ইউনিয়নে মুস্তাফিজুর রহমান খান নিবার্চিত হয়েছেন।
