যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এক মার্কিন নারীকে তার আট মাস বয়সী সন্তানের জন্য সংরক্ষণ করে রাখা প্রায় ১৪.৮ লিটার বুকের দুধ ফেলে দিতে বাধ্য করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে ফেসবুকে দেয়া একটি পোস্টে জেসিকা কোকলি মার্টিনেজ নামের ওই নারী বলেন, তিনি অপমানিত বোধ করছেন।
হিথ্রো কর্তৃপক্ষ বলছে, যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুসারে বিমান ভ্রমণে তরল পদার্থ বহনের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। দেশটির পরিবহন দপ্তরের নিয়ম অনুসারে একজন যাত্রী কৌটা, বোতল বা স্বচ্ছ ব্যাগে ১০০ মিলিলিটার তরল পদার্থ সঙ্গে নিতে পারেন। শিশুদের খাবার বা পান করার দুধের ক্ষেত্রে এ নিয়মের ব্যতিক্রম রয়েছে। কিন্তু সে জন্য ভ্রমণের সময় শিশুটি সঙ্গে থাকতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এই আচরণকে একেবারে অনৈতিক বলেছেন তিনি। সন্তানের প্রায় দুই সপ্তাহের মুখের খাবার তারা কেড়ে নিয়েছে বলে ধিক্কার জানান। এই বিধিনিষেধের নিন্দা জানিয়ে মা মার্টিনেজ লিখেছেন, কর্মজীবী হওয়ায়- চাইলেও সন্তানকে তিনি সব সময় মাতৃদুগ্ধ পান করাতে পারেন না। তাই সন্তান সঙ্গে নেই বলে তাঁর জন্য সংরক্ষণ করে রাখা বুকের দুধ ফেলে দিতে হবে—এটি খুবই অনৈতিক। এতে একজন মায়ের মন ভেঙে গেছে। তিনি আরও লিখেছেন, একজন কর্মজীবী নারী ও মা হিসেবে নিজেকে তিনি পরাজিত মনে করছেন। বিবিসি।
