পাথরঘাটায় টেস্টি হজমী খেয়ে শিশুর মৃত্যু, রহস্য

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৩:৪৯
বরগুনার পাথরঘাটা উপজেলায় টেস্টি হজমী ট্যাবলেট খেয়ে হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁচ শিশু গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এরা হলো, ইয়াছিন (৯) বুসরা(৪) সাদিয়া (৫) লিমা (৬) ও সেতু (৯)। এরা ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
 
এ ঘটনায় প্রতিবেশী মা ও মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্য মতে হজমী বিক্রেতাকে আটক করে পুলিশ।
 
জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। মৃত শিশু হাসানকে (৫)ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
 
এদিকে পুলিশ জানায়, শনিবার বিকাল চারটার দিকে এসব শিশু প্রতিবেশী দিন মজুর জাফর মিয়ার মেয়ে ফারজানার বাড়িতে খেলতে যায়। এ সময় জাফর মিয়ার স্ত্রী মরিয়ম শিশুদের টেস্টি হজমী ট্যাবলেট খেতে দেয়। পরে সন্ধ্যা সাতটার দিকে সকল শিশু অসুস্থ হয়ে পড়লে শিশুদের অভিভাবক তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করায়। রাত ১০টার দিকে হাসান হাসপাতালে মারা যায়। পরে রাত তিনটার দিকে প্রতিবেশী মরিয়ম ও তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে হজমী বিক্রেতা মুদি দোকানদার আবুল কালামকে সদর ইউনিয়নের মাছের খাল গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
 
প্রতিবেশীরা জানায়, মরিয়ম দীর্ঘ দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কাজ করত। গত এক সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন।
 
প্রতিবেশী অনেকের সন্দেহ, পাচারকারী চক্রের সঙ্গে মরিয়মের যোগাযোগ রয়েছে।
 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কমলেশ হালদার জানান, এ ঘটনার তদন্ত চলছে।