রানা প্লাজা ট্রাজেডির ছুটি না পেয়ে ভাংচুর-সংঘর্ষ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৩:৫০
 
রানা প্লাজা ট্রাজেডির তৃতীয় বর্ষ উপলক্ষে ছুটি না পেয়ে সাভারে অন্তত দশটি পোশাক কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা। এ সময় মালিকপক্ষ ও শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। 
 
রবিবার সকালে সাভারের বিরুলিয়া রোডসহ বিভিন্ন স্থানে এ সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতলে পাঠানো হয়েছে। 
 
শিল্প পুলিশ জানায়, সকালে সাভার-বিরুলিয়ার রোডে পূর্ব রাজাশন এলাকায় ভিশন গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে ছুটির জন্য বিক্ষোভ মিছিল করে। এ সময় মালিকপক্ষ ছুটি না দেয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে।
 
পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের হাইপয়েড়, আজিম গ্রুপ, পাকিজ গ্রুপসহ বিভিন্ন স্থানে অন্তত ১০টি গার্মেন্টসে ভাংচুর চালায়।
 
এক পর্যায়ে ভাংচুরে বাধা দেয়ায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। পরে পরিস্থিতিতে ১০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 
 
আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পরিচালক মোস্তাফিজার রহমান ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।