কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৫:১৩
 
ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে শনিবার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে ইউপি সদস্য পদে মহিদ হোসেন নির্বাচিত হয় এবং কামরুল ইসলাম পরাজিত হয়। এরই জের ধরে আজ সকালে বারইপাড়া গ্রামের বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়-পরাজয় নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।