নেপালে ভূমিকম্পের এক বছর: জনমনে হতাশা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৭:০৬
ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণ করছে নেপালের জনগণ। এক বছর আগে ভয়াবহ ওই ভূমিকম্পে প্রায় নয় হাজার লোক প্রাণ হারান। ভুমিকম্পটি এতই প্রবল ছিল যে তা দক্ষিণ এশিয়াজুড়ে অনুভূত হয়।
 
ভয়াবহ ওই দুর্যোগের এক বছর পরও গৃহহীন লোকজন তাঁবুতে বাস করছেন। দুর্যোগ মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছে তাদের মধ্যে অনেকেই। সেইসঙ্গে অপর্যাপ্ত ছিল দেশটিকে দেয়া বিদেশি সহায়তা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটি জানায়, এখনো প্রায় ৪০ লাখ নেপালি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
 
নিহতদের স্মরণে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কাঠমাণ্ডুতে ভূমিকম্পে ধসে পড়া একটি টাওয়ারের স্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে একটি শোক সভায় কয়েক হাজার মানুষ জমায়েত হন। এ আগে নিহতদের স্মরণে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ট্রেকিং গাইড গোবিন্দ তিমিলসিনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পে বাড়ি হারানোর পর তার জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। তিনি সাহায্যের আশায় অপেক্ষা করছেন। কিন্তু ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হিসেবে সহায়তা পেতে যে জটিল নিয়মকানুন বেঁধে দেয়া হয়েছে সে কারণে তিনি বাড়ি বানাতে পারছেন না।
 
২৮ বছর বয়সী গোবিন্দ আরো বলেন, ‘গ্রামে বাস করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা সর্বস্ব হারিয়েছি।’
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘সরকারের নীতি খুবই বিভ্রান্তিকর। আশঙ্কা করছি, আমরা যদি নিজেরাই বাড়িঘর মেরামতের জন্য কাজ শুরু করি তবে ক্ষতিপূরণ পাব না।’
 
আন্তর্জাতিক দাতা দেশগুলো নেপালের পুনর্বাসনের জন্য ৪১০ কোটি মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিলেও তহবিলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের কারণে অধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষই সামান্য অর্থ ছাড়া আর কিছুই পায়নি।