‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে মাথাচাড়া দিতে দেয়া হবে না’

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৭:৩৩
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে আর কোনো দিন মাথাচাড়া দিতে দেয়া হবে না। বুদ্ধির যুদ্ধ দিয়ে তাদের পরাজিত করতে হবে। যেসব মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। তাদের নিজের মুখে বলতে হবে, কেন, কিসের জন্য তারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের মুখে এ সব প্রশ্নের উত্তর জানলেই তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বয়কট ও ঘৃণা করবে।
 
রবিবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন পরিষদ ও শতফুল বাংলাদেশ আয়োজিত ‘সমৃদ্ধি কর্মসূচি, উন্নয়ন মেলা ও স্বাস্থ্য ক্যাম্প’ উদ্বোধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিম উদ্দিন, শিক্ষাবিদ ড. জাহেদা আহমদ, সর্বদলীয় পার্লামেন্টারী গ্রুপের সাধারণ সম্পাদক শিশির শীল, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান, বানেম্বর ইউপি চেয়ারম্যান মো. সুলতান আলী।
 
পরে অতিথিরা পিকেএসএফের আর্থিক সহায়তায় পরিচালিত স্কুল থেকে এসএসসি পাস তিনজন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক, মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন ও মেলার স্টল পরিদর্শন করেন।    
 
ড. খলীকুজ্জমান আহমদ আরো বলেন, এগিয়ে যেতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে। যতক্ষণ আপনার মানসিকতার পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন না। আমরা নারীদের কাজের অর্থনৈতিক মূল্যায়ন-স্বীকৃতি চাই। শুধু মানুষের আয় বাড়ালেই হবে না, বাল্যবিয়ে, নারী নির্যাতন, নারী উত্যক্ততা, মাদকাশক্তির মত সামাজিক সমস্যার সমাধান করতে হবে।