যান্ত্রিক ত্রুটির কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় এক মাস থেকে উৎপাদন বন্ধ রয়েছে।
শাহজালাল সার কারখানা প্রকল্পের এক কর্মকর্তা জানান, নতুন কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় যেতে কারখানার বিভিন্ন শাখায় ত্রুটি ধরা পড়ে। চূড়ান্ত পর্যায়ে উৎপাদনে যেতে এসব ত্রুটি ধীরে ধীরে সারিয়ে তুলতে হয়। আশা করি কয়েকদিনের মধ্যে চালু করা যাবে।
গত বছরের শেষের দিকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম এই সার কারখানা পরীক্ষামূলক উৎপাদনে যায়। পরীক্ষামূলক পর্যায়ে একাধিবার বিভিন্ন ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়। তবে ত্রুটি সারিয়ে চলতি বছরের শুরুর দিকে চূড়ান্ত উৎপাদনে যায় শাহজালাল সার কারখানা। গত ২৭ মার্চ সার কারখানার অ্যামোনিয়া গ্যাস স্টিম পাইপ লাইন ফেটে যায়। এরপর থেকে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ বিশেষজ্ঞ দল দিয়ে পাইপ লাইন মেরামতের কাজ শুরু করে। মেরামত কাজ শেষে উৎপাদনে যেতে আরো কয়েকদিন লাগতে পারে।
